লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়ীরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতু নির্মাণ করেছেন যুবদলের নেতা-কর্মীরা। সেতুটি চালু হওয়ায় সড়কপথে যোগাযোগ সুবিধা পেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

সোমবার (৮ সোমবার) বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, রত্নাই নদী ভেলাবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের মানুষের অনায়াস যাতায়াতকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করছিল। নদীর ওপারে ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপর পাশে মহিষতুলি বহুমুখী উচ্চ বিদ্যালয় হওয়ায় প্রতিদিন কয়েক শত শিক্ষার্থীকে নৌকায় পারাপার হতে হতো। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে ঝুঁকি ও দুর্ভোগ বাড়তো বহুগুণ। কৃষকদেরকেও উৎপাদিত ফসল নৌকায় করে নদী পার হওয়ার বিড়ম্বনা পোহাতে হতো।

এমন পরিস্থিতি লাঘবে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা দুই লক্ষাধিক টাকা ব্যয়ে এবং নিজেদের শ্রম দিয়ে ৭৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের কাঠের সেতুটি নির্মাণ করেন। এ উদ্যোগে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী। স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিমসহ ভেলাবাড়ী ইউনিয়নের যুবদল নেতা-কর্মীরাও কাজে অংশ নেন।

ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম মিয়া বলেন, ‘সেতুটি শিক্ষার্থীদের জন্য সত্যিকারের আশির্বাদ। নৌকা পারাপারের খরচ, সময় নষ্ট আর নিরাপত্তাহীনতা থেকে তারা মুক্ত হলো।’

স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, ‘এই সেতু শিক্ষার্থী ছাড়াও কৃষক-শ্রমজীবী মানুষের জন্য বিরাট স্বস্তি এনে দিয়েছে। এখন হাটবাজার বা ইউনিয়ন পরিষদে যেতে কয়েক কিলোমিটার পথ কমে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিগত সরকার মানুষের দুর্ভোগে উদাসীন ছিল। বিএনপি ক্ষমতায় এলে এ নদীর ওপর স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগ মানুষের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন এনেছে, যা সত্যিই প্রশংসনীয়।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version