নারীবাদ নিয়ে করা নিজের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি বলেছেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই পুরো বিষয়টি ভুলভাবে বুঝেছেন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নোরা জানান, গত বছর নারীবাদ নিয়ে কথা বলার সময় তার বক্তব্যের ছোট ছোট অংশ কেটে রিলস ও টিকটকে ছড়িয়ে দেওয়া হয়, যা পরে ভাইরাল হয়ে যায়। এর ফলে অনেকেই প্রসঙ্গ না বুঝে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান।
নোরা বলেন, তিনি মূলত চরমপন্থার বিরোধী। তার মতে, যেকোনো বিষয়ে অতিরঞ্জিত বা একপেশে অবস্থান সমাজের জন্য ক্ষতিকর। তিনি নিজে একজন সিঙ্গেল প্যারেন্ট পরিবারের সন্তান হলেও কখনো অভাব বোধ করেননি। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, একটি সন্তানের বেড়ে ওঠায় দুইজন অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এই বিষয়টিই তিনি তুলে ধরতে চেয়েছিলেন।
এর আগে আরেকটি পডকাস্টে নোরা মন্তব্য করেছিলেন যে, বর্তমান সময়ের কিছু প্রচলিত নারীবাদের ধারণা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। সেই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। নতুন করে দেওয়া এই ব্যাখ্যায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করলেন।


