যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
তবে এই বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে লেবানন ইস্যু। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। ওই সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।
কিন্তু কিছুক্ষণ পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন এই চুক্তির অংশ নয়। এরপর দেশটিতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।
এ অবস্থায় ইরান শর্ত দিয়েছে—যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায়, তাহলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত এই শর্ত মানা হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, এই পরিস্থিতির কারণে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান চাইছে চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।


