​সরকারি কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

​শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​মন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। সেই ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।’

​সভায় মন্ত্রী সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, খাল খনন ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জেলায় মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

​আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু জানান, বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর দ্রুত চালুর বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে জেলা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

​এর আগে সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় হাসপাতালের অপরিচ্ছন্নতা দূর করতে ৬ ঘন্টার আল্টিম্যাডাম দেন মন্ত্রী।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version