কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক। সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চরে অসহায়, বিধবা, দিনমজুর ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে প্রকৃত অসহায় পরিবারগুলোকে নির্বাচন করে প্রথম ধাপে ১২টি পরিবারের হাতে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। নদীভাঙন ও কর্মসংস্থানের অভাবে অনেক পরিবার ন্যূনতম চাহিদা পূরণ করতেও হিমশিম খায়। রমজান মাসেও অনেক সময় তারা চালভাজা, মুড়ি কিংবা শুধু ভাত দিয়েই ইফতার সারেন।
নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ বলেন, ‘কুড়িগ্রাম দেশের অন্যতম দরিদ্র জেলা। চরাঞ্চলের মানুষের কষ্ট আরও বেশি। অনেক পরিবার ঠিকমতো ইফতার করতে পারে না। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ছোট উদ্যোগ।’
সংগঠনটির সহ-সভাপতি মো. শিহাবুল ইসলাম বলেন, ‘রমজানের এই সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ, সহ-সভাপতি মো. শিহাবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সাকিল, সদস্য মো. সুমন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সকাল নিউজ/এসএফ


