ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন আমিরে জামায়াত।
নির্বাচনী জনসভায় জামায়াতে আমিরের সাথে কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার জামায়াত জোটের ৭জন এমপি প্রার্থী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।
আমিরের আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সেই সাথে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও। ইতিমধ্যেই জনসভার মঞ্চ প্রস্তুতের কাজ শেষের দিকে। সবধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরা।
জনসভা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ব্যানার, ফেসটুন, মাইকিং ও প্রচার-প্রচারণা আরও বাড়িয়ে দিয়েছে লালমনিরহাট ও নীলফামারীর জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীসহ নেতাকর্মীরা।
আমিরের আগমন ঘিরে জনসভাস্থল পরিদর্শন করে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠে দুপুর ১২ টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এইদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের হবে বলে আমরা আশা করছি।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।
সকাল নিউজ/এসএফ


