দল ক্ষমতায় গেলে অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে বলে সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক চারবারের সাংসদ, সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য মন্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাইসুল ইসলাম আখন্দ নামে এক সচেতন নাগরিকের করা অভিযোগে বলা হয়েছে, ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনি ও তার অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোটের প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের নির্বাচনী এক বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি জোটের ট্রাক প্রতীকের পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি এক নির্বাচনী সভায় মঞ্জুরুল আহসান মুন্সি প্রকাশ্যে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে ওই বক্তব্যকে সমর্থন করেন।

এ ঘটনায় সাধারণ মানুষের পক্ষে উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা একেএম আনোয়ার হোসেন আখন্দ’র ছেলে রাইসুল ইসলাম আখন্দ নামে এক সচেতন নাগরিক দেবীদ্বার থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের এজাহারে সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সি ছাড়াও এলাহাবাদ গ্রামের মোঃ আঃ জসিম উদ্দিন ও বাকসার গ্রামের আবুল কালাম আজাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং চারজন প্রত্যক্ষদর্শীর নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী- তথ্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ, দণ্ডবিধির ১৭১ (এফ), ৫০৬(২), ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘হুমকির ঘটনায় আইনি প্রক্রিয়ায় জিডি হয়, সরাসরি মামলা হয় না। আমরা একটি অভিযোগ হাতে পেয়েছি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, মন্জুরুল আহসান মুন্সী এক সংবাদ সম্মেলনে তার ভাইরাল হওয়া বক্তব্যেটি এআইয়ের দ্বারা তৈরি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন। যদিও ভাইরাল ওই বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে বিএনপির দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version