যে রাষ্ট্রের স্বপ্নে এ দেশের শহীদরা তাজা রক্ত ঢেলে দিয়েছেন, বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। তাহলেই এ দেশের মানুষ প্রকৃত অর্থে দেশের শক্তিকে ফিরে পাবেন।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এই সংগ্রামে জনগণের শক্তিই আমাদের মূল ভরসা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এ দেশের গণমানুষের রাজনৈতিক দল। উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রভাবনা ও জাতীয় নিরাপত্তা সব ক্ষেত্রেই বিএনপির চিন্তা ও কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ও তার জনগণ।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করুন।
এর আগে সকাল থেকেই নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন। দিনব্যাপী নির্বাচনী গণসংযোগে অংশ নেন সালাহউদ্দিন আহমদ। তিনি যেদিকেই যাচ্ছিলেন, সেদিকেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
রাস্তার দু’পাশে নেমে আসে মানুষের ঢল। গণসংযোগকালে স্থানীয় নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
সকাল নিউজ/এসএফ


