পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫)।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক আলমগীর। পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
এদিকে, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
সকাল নিউজ/এসএফ



