বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনার গানে নাচলেন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’র সঙ্গে তাল মিলিয়ে নেচে দর্শক মাতলেন এ আলোচিত বলিউড তারকা।
সাধারণত একশানধর্মী নৃত্য করলেও এবার হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সানজয়। গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’
ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন। আর ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’
উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনো দর্শক মন জয় করে চলেছে।
সকাল নিউজ/এসএফ


