অনেক ত্যাগের বিনিময়ে নির্বাচনের মাধ্যমে আজকে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হাজারও আত্মত্যাগের মাধ্যমে আমরা বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা ও অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।’
তিনি বলেন, ‘দেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন, আজকে ইফতার মাহফিলে আল্লাহর নামে শপথ গ্রহণ করি, যেন আগামী দিনে আমাদের কাজগুলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারি বেলাল হোসাইন।
পরে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, তার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে।’
ইফতার মাহফিলে অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।
সকাল নিউজ/এসএফ


