বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন ফাইতংয়ের ফাদুরছড়া পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় পানি ঢেলে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী, কেবিসি ব্রিকসের মালিক কবিরকে ৩ লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সকাল নিউজ/এসএফ



