নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনূকূলে রয়েছে বলে জানিয়ে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবো, সব কিছুতেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে।’
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং খুব বেশি ইফেক্ট তৈরি করতে পারবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কিছুটা উদ্বেগ থেকে যায় এজন্যে যে বিগত ১৫ বছরে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে- একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় কাজ করে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হবে। তবে আমি দেখেছি, সামগ্রিকভাবে আমার মনে হয়- নির্বাচনটা ভালো হবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি সরকারি কর্মকর্তা-কর্মচারি তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে, সে দায়িত্ব নিয়ম অনুযায়ী পালন করা সকলের উচিত হবে। এবার চেক এন্ড কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে- এই তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা আমি দেখি না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সকলের একটা উদ্বেগ, নির্বাচনটা ঠিকঠাকভাবে হবে কিনা, আমি এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটাকে ভালো দেখলাম। প্রথমদিকে যে কয়েকটা ঘটনা ঘটেছে, তারপর সবাই সংযত হয়েছেন, সেই সংযত হয়ে আমি মনে করি- এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটা অনূকূলে।’
জামায়াত নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্বাভাবিকভাবে যখন একটা নতুন দল আত্মপ্রকাশ করে তখন তার একটু আওয়াজ বেশি হয়। আর জামায়াত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন প্রচারণা চালায় এবং অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়াতেও বিভ্রান্ত ছড়ায়। এরই মধ্যে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে জামায়াত সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি মিথ্যা ফেইক অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি মনে করি, এগুলো অপপ্রচার, অপকৌশল, আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। তাদের এসব বিষয় খুব একটা কাজে দেয় না।’
তিনি বলেন, ‘মানুষের ওপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে সে ভোটে সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষ এত বোকা না যে তাকে সহজে বোকা বানানো যায়।’
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে সফর সেটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে। আমি মনে করি তারেক রহমানের সফরটা বিএনপির রাজনীতিকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।’
নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যে আসবে, বিএনপি এটাকে স্বাগত জানাবে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত, অতীতেও কখনো নির্বাচনের ফলাফলকে ডিলিট করিনি। আমরা ২০০৮ সালের নির্বাচনে যখন ৩০টা সিট পাই তখনো স্বাগত জানিয়ে সংসদে গিয়েছি।’
নির্বাচনের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করার প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কমবেশি সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব সচেতনতা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী এখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ


