ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর টানা তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিন দিন সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ.এস.এম. নিয়াজ নাহিদ। ফলে এই সময়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।

এ উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির আলোকে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ জারি করে। এতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে ওই দুই দিন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহের দিন হওয়ায় ওইদিনও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হবে বলেও জানানো হয়।

চিঠির মাধ্যমে ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান এবং বাংলাদেশের বুড়িমারীর কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক সংগঠন, চালক ও শ্রমিক সংগঠন, স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকেও একটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন উপলক্ষ্যে দুই দিন এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট তিন দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিকভাবে ব্যবসা কার্যক্রম শুরু হবে।’

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দোলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচন উপলক্ষ্যে ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে দুই দিন কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছেন। এর সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version