আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ বা ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত।

‘শবেবরাত’ ফারসি শব্দ। এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

হাদিসের ভাষ্য অনুযায়ী, এ মহিমান্বিত রাতে আল্লাহ তায়ালা তাঁর অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন।

তারা অতীত জীবনের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণকামনায় মোনাজাত করেন । একই সঙ্গে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

হাদিসে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)

শবেবরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত। এ কারণে অনেক মুসলমান দুই দিন নফল রোজা পালন করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন দেশের সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান। তাই এ রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version