ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন।

শোকবার্তায় রাজনাথ সিং লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।’

এর আগে, বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সফর করলেন। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন।

২০২১ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ওই সফরটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। প্রচলিত প্রটোকলের ব্যতিক্রম হিসেবে দেখা হওয়া ওই উপস্থিতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন এবং সামরিক-কূটনৈতিক সৌহার্দ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version