লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সময় স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়দের উপস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ওপর মারপিট করতে দেখা যায়।

বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এক পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা এবং অপর পাশে বাংলাদেশের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা অবস্থিত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতীয় গরু পাচারকারীদের সহায়তায় বাংলাদেশের কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ছয়জন বাংলাদেশি যুবককে আটক করে পাচারের অভিযোগে মারধর শুরু করে। পরে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং মাথাভাঙ্গা থানার পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে।

আটককৃতরা হলেন- জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) ও জসীনুর রহমান (২৮)।

ঘটনাস্থল ও হাসপাতালে বিএসএফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। চিকিৎসা শেষে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন,‘ ভারতের ভেতরে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি তারা অবগত। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিরা সম্ভবত গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়রা তাদের ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version