কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ ঘেঁষে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার সাইলচর অংশে গড়ে উঠা পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বিক্ষোভ-অবরোধ কর্মসূচি চলাকালে সড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দু’পাশে অন্তত ৫ কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়৷ পরে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
এসময় বিক্ষোভকারীরা জানান, এবিষয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মশার উপদ্রব এবং ময়লার দুর্গন্ধে এলাকায় বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দ্রুত ময়লার ভাগাড় অপসারণ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম জানান, আমাদের এখানে ডাম্পিং স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সোমবার জনস্বাস্থ্যের এক্সেন সাহেব দেবীদ্বার আসবেন। কাজ কবে নাগাদ শেষ হবে এবিষয়ে ডেডলাইন নেয়া হবে। শিঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
সকাল নিউজ/এসএফ



