ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট–২ এর অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে শুনানি চলবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেয়া হবে। অবশিষ্ট আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
ইসির তথ্যমতে, গতকাল আপিল আবেদনের সময় শেষ হয়েছে। গত পাঁচদিনে ইসির স্থাপিত বুথগুলোতে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি, তৃতীয় দিন ১৩১টি, চতুর্থ দিন ১৭৪টি এবং পঞ্চম ও শেষদিনে ১৭৬টি আপিল আবেদন জমা পড়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। বেশ কয়েকটি অঞ্চল থেকে ১০ জন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২-এ।
আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবেন। গতকাল ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপিল শুনানিকালে আপিল শুনানি কক্ষে প্রতিটি আপিলের প্রসঙ্গে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি লোক শুনানি কক্ষে প্রবেশ না করার জন্য সংশ্লিষ্ট সব আপিলকারীকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সকাল নিউজ/এসএফ


