বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক ইরানকেন্দ্রিক উত্তেজনা বিশ্বকে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
এমন পরিস্থিতিতে একজন ক্যাথলিক ধর্মযাজক সতর্ক করে বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ধর্মীয় গ্রন্থে বর্ণিত কিছু ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ধর্মতত্ত্ববিদদের মতে, এই ধরনের অস্থিরতা মহাপ্রতারক বা ‘অ্যান্টিক্রাইস্ট’-এর উত্থানের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, অ্যান্টিক্রাইস্ট এমন এক শক্তিশালী প্রতারক, যিনি যিশু খ্রিস্টের বিরোধিতা করবেন এবং বহু মানুষকে বিভ্রান্ত করবেন। অন্যদিকে ইসলামি বিশ্বাসে ‘আল-মাসিহ আদ-দাজ্জাল’কে একই ধরনের প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি মিথ্যাভাবে নিজেকে ঈসা (আ.) ও পরে ঈশ্বর দাবি করে মানুষকে বিপথে পরিচালিত করবেন। শেষ পর্যন্ত ঈসা (আ.) তাকে পরাজিত করবেন বলে বিশ্বাস করা হয়।
ইহুদি ধর্মের কিছু ঐতিহ্যে ‘আর্মিলাস’ নামে এক অত্যাচারী চরিত্রের উল্লেখ রয়েছে, যিনি সত্যিকারের মুক্তিদাতার বিরোধিতা করবেন এবং বিশ্বাসীদের ওপর নির্যাতন চালাবেন।
সম্প্রতি চ্যাড রিপার্গার ‘শন রায়ান শো’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অতীতের ধর্মীয় নেতাদের বর্ণনার সঙ্গে বর্তমান বিশ্বের পরিস্থিতির কিছু মিল তুলে ধরেন।
তার মতে, এমন এক সময়েই মহাপ্রতারকের আবির্ভাব ঘটবে, যখন সমাজে নৈতিক অবক্ষয় ব্যাপক আকার ধারণ করবে। তিনি বলেন, এই অবক্ষয় দীর্ঘদিন ধরেই চলছে।
আরও উল্লেখ করে তিনি বলেন, এই শক্তি সরাসরি রাষ্ট্র পরিচালনার মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ভবিষ্যদ্বাণী এখনই বাস্তবায়িত হচ্ছে—এমন দাবি করা ঠিক নয়। বরং বর্তমান পরিস্থিতি এমন কিছু প্রেক্ষাপট তৈরি করছে, যা ভবিষ্যতে এসব বিশ্বাসের আলোচনাকে আরও গুরুত্ব দিতে পারে।



