ইরানের হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন -ইরনি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’
তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা গিয়েছিল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন। যদিও এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।
সকাল নিউজ/এসএফ


