ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকা নিয়ে দ্বন্দ্বে স্ট্যাম্পের আঘাতে মো. শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূণরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো: ইউনুস মিস্ত্রির ছেলে। অপরদিকে, অভিযুক্ত তামিম একই এলাকার নুরনবী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শাকিলের ছোট ভাই রাকিবের থেকে ৬০০ টাকা পেতেন তামিম। শনিবার বিকেলে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে তামিম রাকিবের কাছে তার পাওনাকৃত ৬০০ টাকা ফেরত চান। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়।
পরে রাকিবের বড় ভাই শাকিল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। এই ঘটনার জেরে সন্ধ্যায় পূুরায় শাকিলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তামিম। সেখানে একপর্যায়ে শাকিলের মাথায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তামিম।

স্ট্যাম্পের আঘাতে শাকিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর রবিবার সকালে শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে তামিমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি এজাহার দায়ের করেছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আসামীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version