ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ভালোই লড়াই করেছে ঢাকা ক্যাপিটালস। জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের সামনে লক্ষ্য ১৮২ রান।
এই রান তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে। ১১ রানের জয় পায় রংপুর রাইডার্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার।
শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দলটি। ১২৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
রংপুরের দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিংয়ে পান ফিফটির দেখা। ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকিয়ে মালান ৪৯ বলে ৭৮ রান করে আউট আর ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৬২ রান করে সাজঘরে ফিরেন হৃদয়। এছাড়া কাইল মায়ার্স করেন ১৬ বলে ২৪ রান। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।
১৮২ রানের টার্গেটে ব্যাংটিংয়ে নেমে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা। সেখান থেকে ঢাকাকে লড়াইয়ে ফেরান সাইফুদ্দিন। ৩০ বলে তার ৫৮ রানের ঝড়ো ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
৯ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে। তবে শেষ চারে খেলার সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো রংপুর।
সকাল নিউজ/এসএফ


