বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে গুলশানের বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেষবারের মতো খালেদা জিয়াকে গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে তার স্বজনরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আপোসহীন নেত্রী।
এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।


