জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যে প্রমাণ করেছে- তারা যা বোঝে, যা বলে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখায়। ‘জুলাই সনদ’ও বিএনপির হাত ধরেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হবে।
আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘আমি জুলাইয়ের যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের স্যালুট জানাই। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই, বিএনপির সরকার হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার -নারীদের সরকার, ভাইদের সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সরকার।’
নিজ দলের ত্যাগী কর্মীদের স্মরণ করে তিনি বলেন, ‘আজ যখন আমরা এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছি, তখন আমাদের দলের অনেক ত্যাগী কর্মী, যারা জীবন দিয়েছেন বা গুম হয়েছেন, তারা আমাদের মাঝে নেই। তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সব ধর্মগুরুর জন্য ভাতা চালু করা হয়েছে। অচিরেই সারা দেশের প্রতিটি ইউনিয়নে তা বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে।’
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা প্রমুখ।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আবু-জাহের।
সভা শেষে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
সকাল নিউজ/এসএফ


