সংসদে ‘ওয়াক আউট’ একটি প্রচলিত রীতি উল্লেখ করে নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ওয়াক আউট সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটি সংসদের রেওয়াজের বাইরে।’
আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলেও এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা নিরপেক্ষ থাকবো এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে, আমাদের সেই ভূমিকা থাকবে।’
স্পিকার বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে। দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সে জন্য প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।’
সকাল নিউজ/এসএফ



