পাকিস্তানকে হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবেন স্বাগতিকরা। সিরিজটা জিতলেই বাংলাদেশের আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ ৯-এ উঠে আসার পথটা খোলা হয়ে যাবে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই শর্ত পূরণ করতেই হবে। এমন সমীকরণ নিয়ে আজ (১৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচেও টস ভাগ্যটা গেছে বাংলাদেশের পক্ষে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজও টসে জিতেছেন। আজও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়েছিল।
সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় ওয়ানডেতে একই সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। একাদশে রয়েছেন তিন পেসার এবং দুই স্পিনার। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হয়েছে নাহিদ রানাকে। অধিনায়ক মিরাজের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন।

দ্বিতীয় ওয়ানডের একাদশে পাকিস্তান এক পরিবর্তন এনেছে। লেগস্পিনার আবরার আহমেদকে বসিয়ে নেওয়া হয়েছে হারিস রউফকে। ফলে স্বীকৃত স্পিনার ছাড়াই আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। সালমান আলী আগা স্পিন বোলিং করলেও তিনি খণ্ডকালীন বোলার। দ্বিতীয় ওয়ানডেতে দুই পেস বোলিং অলরাউন্ডারসহ পাঁচ পেসার পাকিস্তানের একাদশে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আছেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হুসাইন তালাত ও ফাহিম আশরাফ।

১১৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। দুই, তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৪, ১০৯ ও ১০৫। বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশে। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে আসবে। একই মাঠে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

দ্বিতীয় ওয়ানডের একাদশ:
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামাইল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version