ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘এটি আমাদের জন্য আশাব্যঞ্জক এবং দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা।’
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে ভোট প্রদান করে তিনি এ মন্তব্য করেন।
ভোট দেওয়ার পর সানাউল্লাহ কেন্দ্রের প্রাঙ্গণে অবস্থান করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ইসি বলেন, ‘ভোটের প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
এদিন ভোট প্রদানের সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলো এবং ভোটারদের উপস্থিতি স্বাভাবিক ও উৎসাহজনক।
মাঠ পর্যায় থেকে আসা খবরের বরাত দিয়ে তিনি জানান, কেন্দ্রের বাইরে দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের বা হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮৩ জন নারী প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন ইসি কর্তৃক বাতিল করা হয়েছে, যার ফলে আজ দেশের মোট ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি ‘জুলাই সনদ’ বা সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন।
সকাল নিউজ/এসএফ


