আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় এ আসনটিতে প্রার্থীশূন্য হয়ে পড়ে বিএনপি।
এমনি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বৃহত্তর এ রাজনৈতিক দল। ফলে জামায়াত ১১দলীয় জোটের প্রার্থী হাসনাতের সঙ্গে এই নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ধানের শীষের কোন প্রার্থী না থাকায় দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করতে নির্দেশ পেয়েছি। দেবীদ্বার বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।’
বিএনপি সমর্থক দেবীদ্বার পৌর এলাকার আলী আহাম্মদ জানান, বিএনপির সকল গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন। অপর দিকে, সাবেক সাংসদ বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও তিতুমীর কলেজের জিএস আব্দুল আউয়াল খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটন এর অবস্থান সম্পর্কে এখনো পরিস্কার হওয়া যায়নি।
এবিষয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন জানান, এই আসনে বিএনপি প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৪৪৫ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৬০৩ জন, পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন।
সকাল নিউজ/এসএফ



