অতীত নিয়ে যারা কামড়াকামড়ি করবে তারা পিছনেই থাকবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৩ তারিখ থেকে নতুন দিন শুরু হবে ইনশাআল্লাহ। চোরাই পথে নির্বাচনে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।’
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘এই দেশের মানুষ পরিবর্তন চায়৷ বেকারদের ভাতা নয়, আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করবো। কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে প্রশ্ন করতে পারেন- এতো টাকা কোথায় পাওয়া যাবে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব। অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।’
তিনি আরও বলেন, ‘এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না।’
দেশের পরিবর্তনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ৫ টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
সকাল নিউজ/এসএফ


