শেষ সময়ে এসে নতুন ৮৫৬টি উন্নয়ন প্রকল্পের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্প চলতি অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো অনুমোদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বরাদ্দ ছাড়াই অনুমোদনহীন এসব প্রকল্পকে সম্প্রতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সবুজ পাতায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলে বাস্তবায়নের জন্য ৬৬৮টি, বৈদেশিক ঋণে ১৫৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৩২টি।
প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৭২ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলে সাত লাখ ৩৬ হাজার ৮২৫ কোটি এবং বৈদেশিক ঋণে প্রায় পাঁচ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে। নির্বাচিত সরকারের ওপর প্রকল্পগুলো অনুমোদনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাধ্যবাধকতা না থাকলেও এক ধরনের চাপ তৈরি হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘সবুজ পাতায় প্রকল্প যুক্ত হওয়া মানে এক ধরনের নীতিগত সম্মতি। এসব প্রকল্প থেকে পরবর্তীতে অনুমোদনের জন্য প্রক্রিয়াকরণ করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা পরিকল্পনা কমিশনকে জোর দিয়ে দাবি করতে পারেন যে, প্রকল্পটি সবুজ পাতায় আছে, তাই অনুমোদন প্রক্রিয়াকরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সবুজ পাতায় না থাকলে নতুন কোনো প্রকল্প অনুমোদন প্রক্রিয়া করতে গেলে পরিকল্পনা উপদেষ্টা বা পরিকল্পনা মন্ত্রীর পূর্বানুমোদন নিতে হয়। এতে বেশ ঝামেলা পোহাতে হয়। ফলে সবাই সবুজ পাতায় প্রকল্প ঢুকাতে তৎপরতা চালান।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার তাদের মতো করে পরীক্ষা নিরীক্ষার পর প্রকল্প অনুমোদন দিতে পারবে। সবুজ পাতার বাইরে যে অনুমোদন দিতে পারবে না বিষয়টি তেমনও নয়।’

সূত্র জানায়, গ্রিন সিগন্যাল পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতের এবং এর সংখ্যা ১৬০টি। দ্বিতীয় অবস্থানে পরিবহণ ও যোগাযোগ খাতের ১০২টি প্রকল্প। তৃতীয় অবস্থানে কৃষি খাতে ৯০টি। অন্য খাতের মধ্যে সাধারণ সরকারি সেবা খাতের ১০টি, প্রতিরক্ষায় ২৫টি, জনশৃঙ্খলা ও সুরক্ষার ৪৫টি, শিল্প ও অর্থনৈতিক সেবা ৪৭টি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫৮টি প্রকল্প। আরও আছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের ৬৯টি, পরিবেশ-জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদের ৬৬টি, স্বাস্থ্যের ৪০টি, ধর্ম-সংস্কৃতি ও বিনোদনের ৩০টি, শিক্ষার ৭২টি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ৯টি এবং সামাজিক সুরক্ষা খাতের ৩৩টি প্রকল্প।

গ্রিন সিগন্যাল পাওয়া উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হলো- প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণ। ঢাকায় বেইলি রোডে অফিসার্স কোয়ার্টার ক্যাম্পাসে সরকারি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। ঢাকার রমনায় তিনটি মিনিস্টার্স এপার্টমেন্ট নির্মাণ। ঢাকার শেরেবাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প। এ ছাড়া ঢাকার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয় (পূর্ত ভবন) নির্মাণ। বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন তৈরি। ঢাকাস্থ মিরপুর ৯ নং সেকশনে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ এ আহত ও শহীদ পরিবারের জন্য ঢাকার মিরপুর ১৬ নং সেকশনে আবাসিক ফ্ল্যাট তৈরি। রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প (ব্লক বি ও সি)। উত্তরা ১৭ নং সেকশনে সোশ্যাল হাউজিং প্রকল্প। রাজউক পূর্বাচল অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প। পঞ্চমতলা থেকে ১০ম তলা পর্যন্ত আরডিএ ভবন নির্মাণ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা ও মহানন্দা আবাসিক এলাকায় ফ্ল্যাট নির্মাণ। গ্রিন সিগন্যাল পাওয়া আরও কয়েকটি প্রকল্প হলো-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আওতাধীন ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা, ফুটপাত ও মিডিয়ানের উন্নয়ন।

এ ছাড়া একই সিটি করপোরেশনের অঞ্চল-২, অঞ্চল-৩, অঞ্চল-৪ এবং অঞ্চল-৫ এর আওতাধীন রাস্তা, নর্দমা ও ফুটপাতের অবকাঠামো উন্নয়ন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮নং ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। এলজিইডির আইটি অবকাঠামোর উন্নয়ন, কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড লাইভলিহুড এনহেন্সমেন্ট প্রজেক্ট। পদ্মা সেতু সংযোগ সড়ক ও সড়ক অবকাঠামো উন্নয়ন। পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প। পটুয়াখালী জেলার অবকাঠামো উন্নয়ন। জলবায়ুসহনশীল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা চৌরাস্তা-কামারজানী সড়ক উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের জন্য মতিঝিল আল-হেলাল জোনে বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version