সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির মূল ভরসা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের আরও বেশি সমর্থন আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে নিজের নির্বাচনি এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নেতাকর্মীরাই ভোট কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভোটের দিন জনগণের অধিকার রক্ষায় আপনারাই থাকবেন সামনে। মানুষের পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি জনসমর্থন আরও বাড়বে।’

তারেক রহমান বলেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের উপর দিলাম। এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন। অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শুধু ভোট চাইলেই হবে না। আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
এ ছাড়াও ছিলেন- জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এরপরে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে ১২টা ৪০ মিনিটে রওনা হন।

এ সময় ঢাকা রংপুর মহাসড়কের দুই পার্শ্বে লাখ লাখ জনতা তাঁকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। জনতার উদ্দেশ্যে তারেক রহমান হাত নাড়িয়ে তাদের স্বাগত জানান। পরে বগুড়ার শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে পথসভায় যোগ দেন। এরপরে তিনি জেলার শেরপুরের ধুনট মোড়ে পথসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version