আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে কোনদল জয়ী হবে তা নিয়ে সর্বমহলে চলছে নানান কৌতুহল। তবে ভোটের আগে নির্বাচনী প্রচার-প্রচারণায় কে কতটা এগিয়ে তা নিয়েও রয়েছে নানামুখি হিসেব-নিকেশ।
শুধু তাই নয়, এ নিয়ে বিভিন্ন সংস্থার জরিপের ফলাফলে রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে নতুন তথ্য।
এ জরিপে ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। জরিপের তথ্যমতে, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩ দশমিক ২০ শতাংশ মানুষের। এ ছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনাও তুলে ধরা হয়েছে জরিপে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।
জরিপে অংশ নেওয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭ দশমিক ৬ শতাংশ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২ দশমিক ৫ শতাংশ, এছাড়া ২ দশমিক ৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।
জরিপে উত্তর দেননি ২২ দশমিক ২ শতাংশ মানুষ। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া ৬৯ দশমিক ৭ শতাংশ নারী মতামত দেননি। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।
সকাল নিউজ/এসএফ


