বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অঝোরে কেঁদেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান।

শোক প্রকাশ করে কাঁদতে কাঁদতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এ গায়ক বলেন, ‘এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ কাঁদছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিকসহ সব সংকটে নেতৃত্ব দিয়েছেন।’

মনির খান বলেন, ‘ভিন্ন মত বা ভিন্ন ধর্মের মানুষ—কারো ক্ষেত্রেই তিনি কখনো বৈষম্য করেননি। তিনি সব সময় দেশ ও মানুষের কথাই ভেবেছেন। দেশ ও মানুষের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কতবার অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কখনো যেতে চাননি। সব সময় দেশের মাটি ও দেশের মানুষের কাছাকাছি থাকতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শেষবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তার মৃত্যু যেন দেশের মাটিতেই হয়, জানাজা ও দাফন যেন এই মাটিতেই সম্পন্ন হয়।’

মনির খান বলেন, ‘আজ আমার মতো সারা দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে আছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে শোক সহ্য করার শক্তি দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন।’

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version