৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড়ে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

ওসি খালিদ মনসুর বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছে।’

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে তারা পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন।

পরীক্ষার্থীরা বলেন, ‘আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।’

এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version