প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং মূল প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আগামীকাল কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় সাংস্কৃতিক সমাবেশ।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ আয়োজন করেছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন। এ সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শিশুদের সঙ্গীত ও শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন।
এছাড়াও গান, নাচ, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এর আগে, ২০ নভেম্বর বৃহ্পতিবার এ দাবিতে স্মারকলিপি দেয় জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন।
২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেন জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের আহবায়ক এবং উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি ড. মকবুল হোসেন। স্মারকলিপি প্রদানকে সাধুবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অবিলম্বে গত ০২ নভেম্বর ২০২৫ তারিখের সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রত্যাহার করে ২৮ আগস্ট ২০২৫ তারিখের মূল প্রজ্ঞাপনটি পুনর্বহাল করতে হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সঙ্গীত, চারুকলা ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ করার দাবিতে ধারাবাহিকভাবে নানা কর্সূচি পালন করে যাচ্ছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।
পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরেই সঙ্গীত, চারুকলা ও শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করার দাবিও জানাচ্ছে এ আন্দোলন। জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত রয়েছে ২৩টি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ছাত্র ও শিশু সংগঠন।
জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনে যুক্ত সংগঠনসমূহ: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, নবান্ন উৎসব উদযাপন পরিষদ, বসন্ত উৎসব উদযাপন পরিষদ, রাধারমন সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিল্পকলা বিদ্যালয় ঐক্যজোট, বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থা, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বুলবুল ললিতকলা একাডেমি, কেন্দ্রীয় খেলাঘর আসর, ভয়েস অব আর্টিস্ট, প্রাচ্যনাট, বিশ্ববীণা, আনন্দন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।
সকাল নিউজ/এসএফ


