পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, ৫ আগস্টের পর যেভাবে ৮০ বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাজ্জাত আলী বলেন, ‘অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের অনেক চেষ্টা ও অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। আর এই মনোবল ভাঙার চেষ্টা করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।’

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল, নিরপরাধ মানুষটিকে এভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোবল নষ্ট হয়। এর পরিণতিতে আপনারা-আমরা ক্ষতিগ্রস্ত হবো।’

দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।’

এর আগে, ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া রয়েছে।

তিনি আরও বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version