তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। বিসিবির এক মুখপাত্র জানিয়েছে, সিরিজটি স্থগিতের বিষয়ে বিসিসিআই থেকে বার্তা পেয়েছেন তারা।
এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সেটিও স্থগিত করে দেওয়া হয়। ছেলেদের সিরিজের মতো মেয়েদের সিরিজের ক্ষেত্রেও বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে- পরবর্তীতে সময় বের করে সিরিজটি খেলা হবে।
ভারতের পক্ষ থেকে সিরিজটি স্থগিত করার কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া যায়নি।
কিছুদিন আগেই ভারত থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলে ফিরেছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে পুরুষ দলের টি-২০ বিশ্বকাপ আছে ভারতে।
এদিকে, ভারতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে অবস্থান করছে। সরকারি অনুমোদন না পাওয়ার পেছনে দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিকে কারণ মনে করা হচ্ছে। অর্থাৎ আইসিসি, এসিসি বা এএফসির টুর্নামেন্ট খেলতে দুই দেশের খেলোয়াড়দের সফর করতে কোন মানা নেই। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ বা ম্যাচের ক্ষেত্রে আপত্তি ভারত সরকারের।
এর আগে গত আগস্টে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। যা স্থগিত হয়ে আছে। সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের কথা বলা হয়েছে।
সকাল নিউজ/এসএফ


