জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
সকাল নিউজ/এসএফ



