গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায় বলে গেছে।
শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম বলেন, ‘ব্যাংকের বেশিরভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত যাপন করেন। রাত ২টার দিকে সাত-আটজন যুবক এসে অতর্কিতভাবে পরপর তিনটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রোলবোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়।’
তিনি বলেন, ‘বোমাটি ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি জানান, তাদের কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কোনো পরিবহণযোগে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোলবোমা মারে বলে ধারণা করা হচ্ছে। দুটি বোমা বাইরে এবং একটি ভেতরে নিক্ষেপ করা হয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’
সকাল নিউজ/এসএফ


