সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদের এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা শেষে আজ আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

ইসি জানায়, নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। পাশাপাশি চারজন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন—সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।

আখতার আহমেদ আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে নেই। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটের সঙ্গে যুক্ত নন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছে ইসি। পাশাপাশি জাতীয় নির্বাচনের মানদণ্ড বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কমিশন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version