ন্দরবান শহরের উজানীপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি বসতঘর এবং একটি রেস্তোরাঁ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার (২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরে স্থানীয় একটি জুসবার ও খাবারের দোকানের (রেস্তোরাঁ) রান্নাঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের বেড়া ও আধা-পাকা ঘরগুলোকে গ্রাস করে নেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই ছয়টি বসতঘর ও একটি রেস্তোরাঁ পুরোপুরি পুড়ে যায়। এছাড়া আগুনের তাপে পাশের একটি ভবনের ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের সঠিক সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ঘটনা শোনার পর দ্রুত এলাকা পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা খান সুলতানা হীরামনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘোষণা করেন যে, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সকাল নিউজ/এসএফ


