আলোচনা ব্যর্থ হলে যেকোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এ দাবিকে অগ্রহণযোগ্য বা ‘নন-স্টার্টার’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
মার্কিন প্র্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘সবকিছুতে রাজি’ হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।
অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভাতেও ট্রাম্প এ দাবির পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক “ধুলো” (নিউক্লিয়ার ডাস্ট) নিয়ে নেবে। আমরা যেকোনোভাবেই হোক এটা নিতাম, তবে ওভাবে (হামলার মাধ্যমে) নেওয়াটা একটু বেশি বিপজ্জনক।
এদিকে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের এ দাবিকে ‘কাল্পনিক তথ্য’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে ইরান কোনো সম্মতি দেয়নি।
ওই সূত্র আরও জানায়, ইরান অনির্দিষ্টকালের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে বলে ট্রাম্প যা দাবি করছেন, তা-ও সঠিক নয়। তিনি বলেন, ইরান ‘আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম’ হওয়া কখনোই মেনে নেবে না।
তবে জানা গেছে, ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বলতে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে বোঝালেও পরমাণু শক্তি শিল্পে এমন কোনো স্বীকৃত পরিভাষা নেই।
সূত্র : সিএনএন

