ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের করা হামলার ঘটনায় পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান। এমন দাবি জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে।
এক সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করতে ও প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ করতে শুরু করেছে।’
এর আগে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে অবস্থিত ইরানের পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।
আরও যেসব স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারচিন সামরিক কমপ্লেক্স। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।
হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া স্থানীয় আরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা
সকাল নিউজ/এসএফ


