দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা রাজকীয় বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। উদয়পুর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি।
ওই মুহূর্তটি ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তারা।
রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন।
বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। মাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।
অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’
এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস।
সকাল নিউজ/এসএফ



