ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামীলীগের ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে মন্তব্যের ঝড় উঠে।

চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমে যে কাজটি করেছেন, তা হচ্ছে- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা দলটির তৃণমূলের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে আজ তালাবদ্ধ থেকে অবমুক্ত করেছেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, আমাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয়, আমার মামা আবু দাউদ প্রধানের কাছে এই অনুরোধ জানাচ্ছি।’

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, ‘বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিবিনি খেলার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারও নস্যাৎ করবো। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই।’

এ বিষয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, ‘কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামী লীগ অফিসে তালা দেয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। যার কারণে আমরা সারা বাংলাদেশে রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি।’

তিনি বলেন, ‘আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে আমাদের। কোন অবস্থাতেই আমাদের এলাকার শাস্তি শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পরে। আওয়ামীলীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা। আপনারা কোন প্রকার অন্যায় করবেন না, আপনাদের গায়ে কেউ যদি কোন আচর দেয় আমাকে জানাবেন। কোন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেবো না।’

আবু দাউদ আরও বলেন, ‘এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।’

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধারা বসবো। আওয়ামী লীগের কোন কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।’

প্রসঙ্গত, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version