কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যয়ের জন্য ১৪ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে তার স্কুলজীবনের সহপাঠীরা।
শনিবার (৩১ জানুয়ারি) ‘সময় বদলায়, বন্ধুত্ব থাকে একই,-চলো আবার একসাথে হই’- স্লোগানে আয়োজিত কুমিল্লার দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচের প্রথম পুনর্মিলনীতে অনুষ্ঠানিকভাবে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা তার হাতে এই চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের একটি প্রাচীন ভবন ভেঙে ফেলা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘১৯১৮ সালে বা তার আশপাশের সময়ে প্রতিষ্ঠিত ভবনটি ঐতিহ্যবাহী (হেরিটেজ) স্থাপনা হিসেবে সংরক্ষণ করা উচিত ছিল। আমরা যে ভবনটিতে ক্লাস করতাম, সেটি ভেঙ্গে ফেলা হয়েছে। আমার ক্ষমতা থাকলে হয়তো আমি এটি ভাঙ্গতে দিতাম না।’
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে হাসনাত বলেন, ‘দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শেকড় এই বিদ্যালয়।’
তিনি উল্লেখ করেন, স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।
জুলাই আন্দোলনের এই শীর্ষ সংগঠক বলেন, গত বছর আমরা এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনসাফ’ নামে একটি সংগঠন করেছি। এ সংগঠনটি শুধু বিদ্যালয়ের উন্নয়নেই নয়, দেবীদ্বারের উন্নয়নেও কাজ করবে।
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী। পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা তার নির্বাচনী ব্যয়ের জন্য ১৪ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
সকাল নিউজ/এসএফ


