সময়ের স্রোতে মিশে গেল আরও একটি বছর। বিদায়ী ২০২৫ সালে দেশের বিনোদন অঙ্গনে ঘটেছে নানান ঘটনা। যা কখনো মানুষকে আনন্দ দিয়েছে, কখনো করেছে বিস্মিত; কোনো কোনো ঘটনা এতটাই বিতর্তিক হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এসবের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সকাল নিউজেরর বিশেষ এ আয়োজন।
নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে গ্রেফতার
২০২৫ সালের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার। বিষয়টি শুধু বিনোদন অঙ্গনেই নয়, সামাজিক ও রাজনৈতিক পরিসরেও আলোচনার জন্ম দেয়। গ্রেপ্তার ঘিরে নানা প্রশ্ন, গুজব ও মতভেদ তৈরি হয়।
নুসরাত ফারিয়াকে গত ১৮ মে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল ইমিগ্রেশন পুলিশ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল গত বছরের এপ্রিলে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগে ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে নায়িকা পরীমনি ২০২৫ সালে পা রাখেন কলকাতার সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘ফেলুবক্সী’ সিনেমাটি ছিল এ বছরে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড়। ভিন্ন ইন্ডাস্ট্রি, ভিন্ন কাজের ধরন এবং নতুন দর্শকের সামনে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ– সব মিলিয়ে এই অভিষেক ঘিরে ছিল বাড়তি আগ্রহ।
জেমসের বিয়ে ও সন্তান
গেল বছরের সবচেয়ে চমকপ্রদ খবর ছিল নগরবাউল জেমস ও নমিয়ার বিয়ে। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।
মেহজাবীন-রাজিবের বিয়ে
দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবকে ফেলে আসা বছরে জীবনসঙ্গী করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি তারা। অবশেষে গুঞ্জনকে সত্যি করে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শাকিব খানের বাজিমাত
ঢাকাই সিনেমায় টানা ২৬ বছর ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন সুপারস্টার শাকিব খান। বরাবরের মতো চলতি বছরও এই নায়কের জন্য সৌভাগ্য নিয়ে আসে ‘বরবাদ’ সিনেমা। রোজার ঈদে মুক্তি পায় এই নায়কের দুটি সিনেমা। ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। টিকিট বিক্রির দিক থেকে রেকর্ড গড়ে ‘বরবাদ’। এই নায়কের ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। এটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।
জয়া আহসানের সিনেমার বছর
ভারতীয় বাংলা সিনেমায় অনেক আগেই ভালো একটি অবস্থান গড়ে তুলেছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত সিনেমা দেশের তুলনায় ভারতেই বেশি মুক্তি পেয়েছে। তবে, বাংলাদেশে এ বছর তার রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, যা অতীতে দেখা যায়নি। যেজন্য অনেকেই বলছেন, চলতি বছর তার সিনেমার বছর। এ বছর এক ঈদেই মুক্তি পেয়েছে জয়াঅভিনীত ‘তাণ্ডব’ এবং ‘উৎসব’। এ ছাড়াও চলতি বছর মুক্তি পেয়েছে জয়া অভিনীত আরও দুটি সিনেমা ‘ফেরেশতে’ ও ‘জয়া আর শারমিন’। পাশাপাীশ ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মও এবং ওটিটিতে নতুন সিরিজ ‘জিম্মি’ মুক্তি পায় ।
তানজিন তিশার শাড়ি কেলেঙ্কারি
টিভি অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অক্টোবর মাসে প্রতারণার অভিযোগ তোলেন এক নারী উদ্যোক্তা। অভিযোগের প্রমাণস্বরূপ তিশার সঙ্গে ওই নারী উদ্যোক্তার কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড এবং ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও গণমাধ্যমে পাঠানো হয়। তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে একটি শাড়ি পছন্দ করেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশা তার কথা রাখেননি বলে অভিয়োগ করেন ওই নারী উদ্যোক্তা।
আসিফ আকবর বিসিবিতে
চলতি বছরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যা ক্রীড়াঙ্গন এবং বিনোদন মিডিয়ায় ছিল আলোচিত ঘটনা।
কনার বিচ্ছেদ
ব্যক্তিজীবনে সংগীতশিল্পী কনার বিচ্ছেদের খবর ২০২৫ সালে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। এ ঘটনায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদ– সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বিচ্ছেদের পর মানসিক চাপ, সামাজিক প্রতিক্রিয়া এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ- সব মিলিয়ে কনার জীবন নতুন এক অধ্যায় শুরু হয়।
তাহসানের বিয়ে ও গান ছাড়ার ঘোষণা
গায়ক ও অভিনেতা তাহসান ২০২৫ সালের শুরুতে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন। তার স্ত্রী রোজা আহমেদ। এরপর বছরের শেষ ভাগে এসে গান ছাড়ার ঘোষণা দেন তাহসান। দীর্ঘদিন ধরে সংগীত জগতে জনপ্রিয় এই শিল্পীর সিদ্ধান্ত অনেককেই বিস্মিত ও ব্যথিত করে। নিজের ক্যারিয়ার, মানসিক অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
হিরো আলম গ্রেফতার
স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় গত ১৫ নভেম্বর হিরো আলমকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন।
ছায়ানট ও উদীচীতে আগুন
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে গত ২০ ডিসেম্বর হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। ঘটনার সন্ধ্যায় একদল লোক কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, ১৪/২ তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।
নিরাপত্তাজনিত কারণে একের পর এক কনসার্ট বাতিল
দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তাজনিত কারণে বেশকিছু কনসার্ট বাতিল ও স্থগিতের ঘটনা ঘটছে। দেশের সার্বিক পরিস্থিতির কারণেই আগে থেকে পরিকল্পনা করা হলেও এসব কনসার্ট থেকে পিছে হটতে বাধ্য হচ্ছে বিভিন্ন ব্যান্ড, শিল্পী ও আয়োজকরা। পাশাপাশি বিভিন্ন স্থানে কনসার্টের অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়। চলতি ডিসেম্বরে আরও কমপক্ষে ১০টি কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি দেশের বাইরের নানা জায়গায় পারফর্ম করার কথা থাকলেও সেগুলো একে একে বাতিলের কথা শোনা যায়।
সকাল নিউজ/এসএফ


