দীর্ঘ বিরতির পর নতুন ছবিতে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাও আবার একটি নয়, দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটির নাম ‘ম্যাজিক’ অপরটি ‘সিক্রেট’।
নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘ম্যাজিক’ সিনেমায় অপুর বিপরীতে থাকছেন আবদুন নূর সজল। আর চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস নির্মিত ‘সিক্রেট’-এ অপুর নায়ক হচ্ছেন আদর আজাদ।
সম্প্রতি রাজধানীর মালিবাগে ‘সিক্রেট’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সিনেমাসংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন সিনেমাটির পরিচালক ও কলাকুশলীরা।
সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। দিদির সঙ্গে কাজ করে প্রশান্তি পাই। তিনি কাজে খুব হেল্পফুল। গল্প শুনেই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এই ছবিতে অপুর বিপরীতে দুজন নায়ক থাকছেন। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।’
অপু বিশ্বাস বলেন, ‘দু-বছর পর একটি সিনেমায় যুক্ত হচ্ছি। ছবির নাম ‘সিক্রেট’, ছবিতে দুজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছেন। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা, আরেকজন ছোট পর্দার পরিচিত মুখ, এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বন্ধন বিশ্বাসও একজন গুণী নির্মাতা। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।’
বন্ধন বিশ্বাসের সঙ্গে এটি অপু বিশ্বাসের তৃতীয় কাজ। অপু বিশ্বাস অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘ছায়াবৃক্ষ’ বন্ধন বিশ্বাসই নির্মাণ করেছিলেন। এবারে যাত্রায়ও ভালো কিছু হবে বলে প্রত্যাশা করছেন নির্মাতা।
ছবির প্রযোজকের প্রশংসা করে আশাবাদী অপু বিশ্বাস আরও বলেন, ‘আমাদের বুলিং করেন, কিন্তু পজিটিভলি করেন। এখন সময়টা ভালো, সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা যে কারণেই হোক, সিনেমা একটা ভালো জায়গায় যাবে। অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহী হন না। এমন সময়ে আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এমকে প্রোডাকশনকে ধন্যবাদ জানাই।’
সিনেমাটিতে অপু বিশ্বাস ও আদর আজাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা পীযূস সেন। তিনি এই সিনেমার প্রযোজকও।
দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন অপু বিশ্বাস। অভিনয় করেছেন শতাধিক ছবিতে। সেগুলোর প্রায় ৮০টির মতো সিনেমায় তাঁর নায়ক শাকিব খান। অপু বিশ্বাস আরও অভিনয় করেছেন মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন, জয় চৌধুরীর বিপরীতে।
অন্যদিকে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম: দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার ২০১৪ সালের চ্যাম্পিয়ন আদর আজাদ। শুরুতে নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও একসময় তিনি থিতু হন সিনেমায়। গত কয়েক বছর সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। নিশাত সালওয়া, পূজা চেরী, শবনম বুবলীর মতো অভিনয়শিল্পীদের বিপরীতে কাজ করেছেন এই তরুণ।
সকাল নিউজ/এসএফ


