মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর শুরু হয়েছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’-এর টিকিট বুকিং।

রাজনৈতিক অ্যাকশনধর্মী এ সিনেমাটির টিকিট কাউন্টারে অভাবনীয় সাড়া ফেলেছে সিনেমাটি। বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে— রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

এ সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা—এমন প্রশ্নও উঠেছে সম্প্রতি। এর বিপরীতে এরই মধ্যে এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেছেন।

পরিচালক বলেন, ‘অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক কিংবা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন— দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।’

এইচ বিনোথ আরও বলেন, ‘এটি থালাপতি বিজয়ের একটি সিনেমা। কেউ কেউ ভাবতে পারেন— আমি তো আসল সিনেমাটি দেখেছি, তাহলে এটা কেন দেখব? আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাদের বলছি— অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।’

বিদেশের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এরই মধ্যে শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ সিনেমাটি বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অংকের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্নাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।

ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ এ অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version